সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল
আজ ২৫ শে মার্চ বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশের এক সফল অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল শরীফ ওরফে দুলু শরীফ ও তার সহযোগী আরমান লসরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গৌরনদী মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টরকী নবী নগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। কর্তব্যরত সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে অভিযুক্তদের ছবি তুলতে গেলে মূল অভিযুক্ত দুলু শরীফ চরম ঔদ্ধত্য প্রদর্শন করে। সে উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে চোখ রাঙিয়ে এবং প্রকাশ্যেই হুমকি প্রদান করে। এ সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক না কেন, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।