নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধর্মাদী এলাকায় এক অবসরপ্রাপ্ত পোস্ট অফিস কর্মচারীর ওপর অতর্কিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত আবু হান্নান খান নান্না (পিতা: আঃ গনি খান) বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) সার্জারি বিভাগে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।এই ঘটনায় তাঁর মেজ ভাই সাত্তার খান এবং ভাতিজা লাদেনসহ আরও অন্তত ৫-৬ জন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবু হান্নান খান নান্না আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়েছিলেন। এ সময় আমিনুল মৃধা, হুমায়ুন, নজরুল, সাইদুল, রাজিব ও জিহাদসহ ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেয়। হান্নান খান তাদের সামনে পড়লে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও ইট দিয়ে তাঁর মাথায় লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং রক্তাক্ত জখম করে।
আহত নান্না খান জানান, কিছুদিন আগে একটি মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে থানায় তাঁর ভাইয়ের ছেলের বিরুদ্ধে মৃধা পক্ষরা আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আমার ভাতিজা জামিনে আসে। এতে করে আরো ক্ষিপ্ত হয় প্রতিপক্ষরা। এরই জের ধরে পরিকল্পিত হামলা চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীদের মূল হোতা আমিনুল মৃধা এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, যার অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। স্থানীয় এলাকাবাসী এবং আহতের পরিবার প্রশাসনের কাছে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।