বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন (এডহক) পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন।
গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বিদ্যালয় পরিদর্শক হাসান মাহমুদ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বোর্ডের স্মারক নম্বর বশিবো/বিঅ/২০২৬/৩৫৩৪ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুসারে চার সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—শিক্ষক সদস্য হিসেবে জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মো. মামুনুর রশিদ, অভিভাবক সদস্য হিসেবে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত কামাল খন্দকার এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।
শিক্ষা বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী, ১৯ নভেম্বর ২০২৬ থেকে ১৮ মে ২০২৭ পর্যন্ত ছয় মাস এই এডহক কমিটির মেয়াদ কার্যকর থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, বরিশাল পানি উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়টি ওয়াপদা কলোনী এলাকায় অবস্থিত। শিক্ষা বোর্ডের এ অনুমোদনের ফলে বিদ্যালয়টির পরিচালনায় নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল।