স্টাফ রিপোর্টার ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ আকন ও তাঁর ভাই সবুজ আকনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভিকটিম ছাত্রীকে সহযোগিতার জেরে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিল ও তাদের ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে এই অপচেষ্টা চালানো হচ্ছে।
জানতে চাইলে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, “থানায় বসে দুই পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে গেছে এবং পরবর্তীতে তারা চলে গেছেন। এ ঘটনায় থানায় সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর বরিশাল ইনফো পলিটেকনিক কলেজের ছাত্র সদ্য বেপারী, পিতা: আনোয়ার বেপারী), ফামিন, পিতা: হামিদুর রহমান) সহ আরিফিন বেপারী ও রিংকন বেপারী মিলে এক ছাত্রীকে স্কুলে আসা-যাবার পথে উত্ত্যক্ত করে আসছে—এমন অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত ফামিনের বাবা মো. হামিদুর রহমান বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সেক্রেটারি হওয়ায় ছেলের পক্ষ নিয়ে ঘটনাটি ঘোরপ্যাঁচ সৃষ্টি করেছেন। যা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে কয়েকজন স্থানীয় বাসিন্দা।
ইভটিজিং এর ঘটনা নিয়ে মেয়ের বাবা বাবুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহাগ আকনের কাছে মৌখিক অভিযোগ জানান। পরবর্তীতে ১৫ নভেম্বর উভয় পক্ষ থানায় উপস্থিত হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয় এবং উভয় পক্ষ নিজ নিজ গন্তব্যে ফিরে যান। এ ঘটনায় থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।
জানা গেছে, সোহাগ আকন ও সবুজ আকন ভিকটিম ছাত্রীকে ন্যায়বিচার পেতে সহযোগিতা করায় একটি মহল ক্ষুব্ধ হয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ আকনকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এই মিথ্যা প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে। এর আগেও সবুজ আকন যখন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন, তখনও তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করা হয়েছিল।
অপর এক শিক্ষার্থীর মা মোসা. পারুল বেগম বলেন, “একজন শিক্ষার্থীর নিরাপত্তা ও সম্মানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। কোনো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কিংবা কারও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উভয় পক্ষের বক্তব্য, থানার নথি এবং সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে যেন প্রকৃত সত্য প্রকাশ করা হয়।
সচেতন মহল মনে করেন, কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। একই সাথে সত্যকে আড়াল করে রাজনৈতিকভাবে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে অভিমত প্রকাশ করেছেন তারা।