বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সফরকালে তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
সভায় গত ১৫ নভেম্বর নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের দ্বারা সংঘটিত নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। এছাড়া উপস্থিত ছিলেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম আবু সাঈদ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, মালিখালী ইউনিয়নের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা যাতে টুঙ্গিপাড়া উপজেলা হয়ে মালিখালী ইউনিয়নে প্রবেশ করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে লক্ষ্যে টুঙ্গিপাড়া প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হবে।
তিনি আরও বলেন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।