সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বিখ্যাত ‘সাতলা শাপলা বিল’-এ ঘুরতে এসে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২৫) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রাকিবুল ইসলাম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা ঝালকাঠি গ্রামের মো. হালিমের ছেলে। তিনি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে বন্ধুদের সাথে সাতলা শাপলা বিলের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন রাকিবুল। বিলে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে হঠাৎ তিনি নৌকা থেকে গভীর পানিতে পড়ে যান। খবর পেয়ে উদ্ধারকারীদের দীর্ঘ প্রচেষ্টার পর পানি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সামান্য অসাবধানতা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনা পুরো উজিরপুর ও সাতলা এলাকায় শোকের মাতম ছড়িয়ে দিয়েছে।
বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এই সাতলা শাপলা বিলে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভ্রমণপিপাসু আসেন। কিন্তু বিলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ পর্যটক ও স্থানীয়দের। বিশেষ করে সাঁতার না জানা পর্যটকদের জন্য এই স্থানটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাতলা শাপলা বিলকে একটি নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ আলী সুজার হস্তক্ষেপ ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ।