গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মেয়ের অকাল মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ভোলা সদর জজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকির (৪২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নিহত শাহাবুদ্দিন ফকির বরিশাল জেলার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে শাহাবুদ্দিন ফকিরের মেয়ে আত্মহত্যা করে। মেয়ের অকাল মৃত্যুর পর থেকেই তিনি গভীর মানসিক কষ্টে ভুগছিলেন। আজ দুপুরে স্বজনেরা তাঁকে বাসার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, শাহাবুদ্দিন ফকির ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২২ বছরের চাকরি জীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ভোলা সদর কোর্টে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।