গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার আগামী ১৬ মে ২০২৬, শনিবার এক সরকারি সফরে বরিশাল আসছেন। সফরকালে তিনি মেধা ও প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান “নতুন কুঁড়ি”তে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এবং জেলা যুব উদ্যোক্তা ফোরামের বিভিন্ন কার্যক্রমেও উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার উত্তরা এলাকার নিজ বাসা থেকে সরকারি গাড়িযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার। সড়কপথে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর হয়ে তিনি বরিশালে পৌঁছাবেন।
সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বরিশালে আয়োজিত মেধা ও প্রতিভা অন্বেষণমূলক কর্মসূচি “নতুন কুঁড়ি” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল জেলা যুব উদ্যোক্তা ফোরামের সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
সফর শেষে দুপুরে তিনি পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সফরটি সরকারি হওয়ায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এ সফরে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব মোঃ ফেরদৌস উপস্থিত থাকবেন।