সৌদি আরব সরকারের ভিশন ২০৩০ কর্মপরিকল্পনাকে সামনে রেখে প্রবাসীদের জন্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সৌদি আরবে নতুন করে বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের সন্তান ও রিয়াদের তরুণ ব্যবসায়ী এম এইচ প্রিন্স আহমেদ।
তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা নতুন বিনিয়োগকারী এম এইচ প্রিন্স আহমেদের ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানিয়েছেন।
জানা গেছে, এম এইচ প্রিন্স আহমেদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে সুনামের সঙ্গে ট্রাভেলস ব্যবসা ও ঠিকাদারি কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন। ব্যবসায়িক অভিজ্ঞতা ও পরিশ্রমের ধারাবাহিকতায় এবার তিনি বিনিয়োগকারী হিসেবে নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
এম এইচ প্রিন্স আহমেদ বলেন, সৌদি আরবে অনেক প্রবাসী বাংলাদেশি কাজের সুযোগের অভাবে বেকার জীবনযাপন করছেন। বিনিয়োগকারী হিসেবে তার এই উদ্যোগের মাধ্যমে তাদের একটি অংশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখাই তার অন্যতম লক্ষ্য। ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে তিনি কাজ করতে চান।
নতুন এই উদ্যোগ সফলভাবে এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এম এইচ প্রিন্স আহমেদ।
কুমিল্লার নাঙ্গলকোটের প্রত্যন্ত বদরপুর গ্রামের সন্তান হিসেবে সৌদি আরবের ব্যবসায়িক অঙ্গনে তার এই অগ্রযাত্রাকে প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত হিসেবে দেখছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।