বরিশালের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ মনোনয়নের তথ্য জানানো হয়। গত ১০ জুন ২০২৬ তারিখে উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত স্মারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র সভাপতি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে বরিশাল অঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এ মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। ফলে হাসপাতালটির কার্যক্রম আরও গতিশীল ও জবাবদিহিমূলক করতে ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির এ মনোনয়নে বরিশালবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।