বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় দুই ভাইয়ের মধ্যে মারামারির এ ঘটনা ঘটে। নিহতের নাম সাব্বির আহমেদ বাবু (৩৮)।
নিহত বাবু ও অভিযুক্ত বড় ভাই জহিরুল ইসলাম ওরফে বিপুল মোল্লা ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মৃত দিলির হোসেন মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মারামারির একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবু। তাকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুর স্ত্রীর অভিযোগ, তার স্বামীকে বড় ভাই বিপুল মোল্লা বেধড়ক মারধর করেন। একপর্যায়ে বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল। এমনকি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও চিকিৎসা দিতে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি। স্বামীর মৃত্যুর পর একমাত্র শিশু কন্যাকে নিয়ে অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, ‘আমাদের সামনে এখন শুধুই অন্ধকার।’
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। বাবু মাটিতে পড়ে গেলে তার বুকের ওপর উঠে লাফালাফি করেন বিপুল মোল্লা। পরে নিহতের বুক ও মাথায় আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানান তারা।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি শুনে পুলিশ খোঁজখবর নিচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।