বরিশালে বিএনপি নেতা দাবিদার মোহাম্মদ বাবুল হাওলাদার ওরফে বাবুল মুহুরীর একটি কথিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওতে ড্রেজার ব্যবসায়ী সোহেল নামে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনে তাঁকে ‘এক টাকা’ পাওনার দাবি করতে এবং বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। এদিকে অডিওটি ছড়িয়ে পড়ার পর নিজের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন বাবুল মুহুরী।
সংবাদ সম্মেলনে বাবুল মুহুরী জানান, তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। বিএনপির রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর দাবি, ২০২৫ সালে বরিশাল সিটি করপোরেশনের টেন্ডারের মাধ্যমে ২০ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়ে বালু আনলোড পয়েন্ট ইজারা নেন। এরপর থেকে তিনি সুন্দর ও ঝামেলামুক্তভাবে বালু আনলোড কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তাঁর অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি অনলাইন পোর্টালে একটি অডিও রেকর্ড ছড়িয়ে দিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
অডিওতে ‘এক টাকা’ পাওনার দাবি
ভাইরাল হওয়া কথিত অডিওতে বাবুল মুহুরীকে ড্রেজার ব্যবসায়ী সোহেলকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘তোমার সঙ্গে বলা হইছে যে, এক টাকা আমারে দেবার চাও, তোমরা সব খাইয়া লও উইট্টা-পিট্টা, আমার কোন আপত্তি নাই। তুমি সে এক টাকা কইয়া আমারে যেটা দেওয়ার কথা, এখানে বইল্যা গেছ, সে এক টাকা কিন্তু আমার দিতে হবে।’
জবাবে সোহেলকে বলতে শোনা যায়, ‘না, না, ঠিক আছে, ঠিক আছে।’
কথোপকথনের একপর্যায়ে বাবুল মুহুরী বলেন, ‘তুমি অনেক আউল-ফাউল কথা বলছো, আমাদের সমস্ত খবর আছে কিন্তু সোহেল। আমি একটা কথা এখনও বলি, আমি উপরে আল্লাহরে ভয় পাই, আর দুনিয়াতে আমি কাউরে ভয় পাই না।’
অডিওতে ‘গ্যাং’ তৈরি করা, বুস্টার দিয়ে মাল সরবরাহ এবং পাওনা টাকা নিয়ে কথোপকথনও শোনা যায়।
অডিওটি ভাইরাল হওয়ার পর বাবুল মুহুরীর সংবাদ সম্মেলন ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, অডিওটি ছড়িয়ে দিয়ে তাঁকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা জরুরি।