পটুয়াখালীর মির্জাগঞ্জে পুকুরের পানিতে ডুবে আমির হোসেন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নতুন শ্রীনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন ওই গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের দ্বিতীয় পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে আমির গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। খেলার ছলে পুকুরে নামার পর সে পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরে শিশুটির বাবা শফিকুল ইসলাম ও স্থানীয় লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমিরকে মৃত ঘোষণা করেন।
সাড়ে তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।