বরিশালের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকাসক্ত ও চুরি-সংক্রান্ত একাধিক মামলার আসামি মোঃ রমজান হাওলাদারকে (৩২) আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তি মাদকদ্রব্য সেবন ও অভ্যাসগতভাবে চুরির কাজে জড়িত থাকার কথা স্বীকার করায় বিজ্ঞ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে বরিশালের বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া এলাকার রাজার ব্রিজ সংলগ্ন স্থানে বন্দর থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকাসক্ত ও সন্দেহজনক অবস্থায় মোঃ রমজান হাওলাদারকে আটক করা হয়।
আটক রমজান হাওলাদার বন্দর থানার চাঁদপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খন্তাখালী গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ১০টি মামলা রয়েছে। আটকের পর মাদকদ্রব্য সেবন এবং অভ্যাসগতভাবে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাকে আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত উপরোক্ত দণ্ড প্রদান করেন।
বন্দর থানা পুলিশের এ বিশেষ অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতার বিষয়টি আবারও সামনে এসেছে।