বরিশাল জেলা জজ আদালতের সিনিয়র সিভিল জজ শেখ ফারহানা নাদীম নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হলেও রাত পর্যন্ত তিনি বাসায় ফেরেননি। বুধবার (১৮ নভেম্বর) সকালেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। একজন বিচার বিভাগীয় কর্মকর্তার এমন আকস্মিক নিখোঁজের ঘটনায় বরিশালে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সঞ্জীব কুমার দাস। তিনি জানান, মঙ্গলবার আদালতের কার্যক্রম শেষে বিচারক শেখ ফারহানা নাদীম বাসার উদ্দেশে রওনা হন। কিন্তু রাত পর্যন্ত বাসায় না ফেরায় আদালতের নাজিরসহ অন্যান্য কর্মকর্তারা তাঁর খোঁজখবর নেওয়া শুরু করেন।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জানান, বুধবার সকাল পর্যন্ত তিনি বাসা কিংবা আদালতে পৌঁছাননি। বিষয়টি জানার পর আদালতের নাজির কামরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা তাঁকে খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মো. সালেহ বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।
রহস্য ঘেরা এই নিখোঁজের ঘটনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—আদালতের কার্যক্রম শেষে বাসার উদ্দেশে রওনা হওয়ার পর বিচারক শেখ ফারহানা নাদীম কোথায় গেলেন? তাঁর নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ রয়েছে কি না, তা জানতে অপেক্ষা করছেন সংশ্লিষ্ট সবাই। তাঁকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।