সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলায় নবজাতকদের হাতে ফলদ ও ভেষজ গাছের চারা তুলে দিয়ে ব্যতিক্রমী পরিবেশবান্ধব উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। “আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে নবজাতকের জন্মের স্মৃতি হিসেবে এসব চারা উপহার দেওয়া হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কালকিনি পৌরসভার অর্থায়নে উপজেলার বিভিন্ন ক্লিনিকে গিয়ে নবজাতক ও তাদের মা-বাবার হাতে চারা গাছ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কিশোর কুমার দাশ।
এ সময় ইউএনও কিশোর কুমার দাশ বলেন, “শিশুরা যেমন পরম স্নেহে বড় হয়, একটি চারা গাছও ঠিক সেভাবেই যত্নে ডালপালা মেলে। নবজাতকের সঙ্গে এই গাছের চারাটিও বড় হয়ে উঠবে এবং ভবিষ্যতে তাকে ছায়া ও ফল দেবে। নতুন সবুজ প্রাণ সৃষ্টির মাধ্যমে জলবায়ু সুরক্ষায় আগামী প্রজন্মকে যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, যুবদল নেতা মুভিন এবং কালকিনি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
নবজাতকদের স্বজনরা উপজেলা প্রশাসনের এ মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, শিশুর জন্মের সঙ্গে একটি গাছের চারা উপহার দেওয়ার উদ্যোগটি যেমন স্মরণীয়, তেমনি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।