1. admin@dailybarishalmukhopatro.com : admin-barishal :
  2. adminaminalamin@gmail.com : দৈনিক বরিশাল মুখপত্র : দৈনিক বরিশাল মুখপত্র
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১২:৫১|
শিরোনামঃ
কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উন্নয়নের ক্ষুধায় দক্ষিণাঞ্চল! প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রত্যাশা আগৈলঝাড়া থানায় হামলা: আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উদ্বোধনে যাচ্ছেননা প্রধানমন্ত্রী : বিএডিসির ব্যর্থতায় ক্ষুব্ধ চরকাউয়াবাসী বরিশালে মায়ের মামলায় ওয়ারেন্টভুক্ত যুবক গ্রেপ্তার বরিশাল নগরীর মহসিন মার্কেটের একতরফা কমিটি গঠন; ব্যবসায়ীদের ক্ষোভ প্রতিবাদ ; সমঝোতার নির্দেশ এমপি সরোয়ারের আগৈলঝাড়া থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ: পুলিশ সদস্য আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ মাথায় পলিথিন দিয়ে অফিস করছেন শিক্ষকরা: উজিরপুরের রাখালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও অপসারণ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি বিটিএমএ’র কমিটি গঠন : সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন

বরিশালে ‘নাক কাটা রুবেল’ আতঙ্ক: জেল থেকে বেরিয়েই ফের সন্ত্রাসী সাম্রাজ্য—চাঁদা, ইয়াবা ও রক্তাক্ত হামলায় কাঁপছে রিফিউজি কলোনি

নিজস্ব প্রতিবেদক✍️
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮০৩ বার পড়েছেন

বরিশাল নগরীতে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে রুবেল শরীফ (৪০) ওরফে ‘নাক কাটা রুবেল’ এবং তার সশস্ত্র বাহিনী। একের পর এক মামলা, জেলহাজত ও গ্রেপ্তারের পরও আইনের ফাঁক গলে বেরিয়ে এসে আবারও সে কায়েম করছে চাঁদাবাজি, মাদক কারবার ও প্রকাশ্য সন্ত্রাসের রাজত্ব। নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনি এখন তার অপরাধ সাম্রাজ্যের প্রধান ঘাঁটি।

সর্বশেষ চলতি মাসের ১৭ ডিসেম্বর রাতে রিফিউজি কলোনির বাসিন্দা মো. মোফাজ্জেল কাজীর ছেলে মো. সুজন কাজী বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি চারজনকে অভিযুক্ত করেন। তারা হলেন—একই কলোনির মৃত আলতাফ শরীফের ছেলে রুবেল ওরফে নাক কাটা রুবেল, তার ভাই আবুল বাসার ওরফে রাজন (৪২), মৃত আক্তার কসাইয়ের ছেলে তুহিন (৩০) এবং ছালামের ছেলে সোহেল (২৮)।

স্থানীয় ও থানা-আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৩ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে রিফিউজি কলোনির সামনে রুবেলের মুদির দোকানে বসে নাক কাটা রুবেল, তার ভাই রাজন, হৃদয়, ছানি ও আছিব ফার্নিচার ব্যবসায়ী সোহাগ কাজীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয়।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোহাগের গর্ভবতী স্ত্রী শিউলি। অভিযোগ অনুযায়ী, সেই সময় নাক কাটা রুবেল শিউলির পেটে সজোরে লাথি দেয়। গুরুতর আহত অবস্থায় শিউলিকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে চিকিৎসকরা জানান—গর্ভের শিশুর মাথায় মারাত্মক আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মৃত সন্তান বের করা হয়।

এই হৃদয়বিদারক ঘটনার ঘটনায় চলতি বছরের ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শিউলির বোন সিম্মী (২৩) বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বটতলা আমির কুটির হরিজন কলোনি (মেথর পট্টি) এলাকায় মো. সবুজ (২৯) ওরফে ভাগিনা মিলনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয় রুবেল, অলি, তুহিন ও সোহেলের নেতৃত্বে ১০–১২ জনের একটি সন্ত্রাসী দল। গুরুতর আহত মিলনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে পরে ঢাকায় পাঠানো হলেও রহস্যজনক কারণে ওই ঘটনায় কোনো মামলা হয়নি।

অনুসন্ধানে জানা যায়, নাক কাটা রুবেল ও তার ভাই রাজনের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পূর্ব কার্তিকপাশা গ্রামে। নিজ এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়ায় এক পর্যায়ে এলাকাবাসীর হাতে রুবেলের এক পা ভেঙে যায়। এরপর তারা বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার শহীদ আলতাফ স্কুল সংলগ্ন এলাকায় এসে ঘাঁটি গড়ে তোলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানায় রুবেলের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। এর মধ্যে উল্লেখযোগ্য—২০০৯ সালের ১৬ অক্টোবরের ৫১ নং, ২০১৩ সালের ১০ জুনের ৮ নং এবং ২০২৩ সালের ৫ জুনের ৯ নং মামলা। তার ভাই রাজনের বিরুদ্ধেও রয়েছে ২০২৩ সালের ৫ জুনের ৯ নং ও ২০২৪ সালের ২৩ মার্চের ৬০ নং মামলা।

নাক কাটা রুবেলের ছত্রছায়ায় বাংলা বাজার সংলগ্ন আরশেদ আলী কন্ট্রাক্টর গলির ভাড়াটিয়া বাসিন্দা অলি (১৯) নিয়মিত ইয়াবা বিক্রি করছে। চলতি বছরেই সে ৩–৪ বার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে।

রিফিউজি কলোনির শাহিন (৩৫) ও তুহিন (৩০) ‘ইয়াবা শাহিন–তুহিন’ নামে পরিচিত। বড় ভাই রুবেলের কাছ থেকে ইয়াবা এনে ছোট ভাই বিক্রি করে। তুহিনের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।

রুবেলের মামাতো ভাই সোহেল ওরফে বাবা সোহেল, সহযোগী বাপ্পী, এবং প্রধান ইয়াবা সরবরাহকারী হাড্ডি জাহাঙ্গির—সবার বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা। সর্বশেষ চলতি বছরের ৩১ জানুয়ারি ডিবি পুলিশের একটি অভিযানে হাড্ডি জাহাঙ্গিরের বাসা থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, এই সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গে নগরীর ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন হীরা ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

রিফিউজি কলোনির একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলা হলেও কেউই প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, “সবাই জানে ওরা কারা, কী করে। কিন্তু মুখ খুললেই বিপদ।

এদিকে প্রশ্ন উঠেছে—একাধিক মামলা, গুরুতর অভিযোগ ও ভয়াবহ অপরাধের পরও নাক কাটা রুবেল ও তার বাহিনী কীভাবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে? নগরবাসীর দাবি, অবিলম্বে এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হোক।

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 dailybarishalmukhopatro.com