নিজস্ব প্রতিবেদক :
বরিশালের মুলাদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের হাতে ৫ লাখ ৬৭ হাজার ৮৩৫ টাকা ৮ পয়সার এলএ চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অধিগ্রহণ করা এক একর জমির দখল প্রত্যাশী সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে মুলাদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।
বস্ত্র অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, মুলাদী, বরিশাল স্থাপন’ প্রকল্পের আওতায় এ জমি অধিগ্রহণ করা হয়। ২০২৪-২৫ সালের ০৫ নম্বর এলএ মামলার মাধ্যমে বরিশালের মুলাদী উপজেলার ৫৫ নম্বর জেএলভুক্ত গৈলভাঙ্গা মৌজায় এক একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের হাতে এলএ চেক তুলে দেন। চেক গ্রহণ করেন হারুন অর রশিদ, পেয়ারা বেগম ও ফিরোজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সরওয়ার, সিনিয়র সহকারী কমিশনার (এলএ ও রাজস্ব শাখা) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়, মুলাদীর সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে, গত ১৮ নভেম্বর অধিগ্রহণ করা এক একর জমির দখল প্রত্যাশী সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জমির দখল বুঝিয়ে দেওয়ায় প্রকল্পের পরবর্তী কার্যক্রম বাস্তবায়নের পথ আরও সুগম হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, মুলাদীতে টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে এলাকার তরুণ-তরুণীদের কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ বাড়বে। পাশাপাশি বস্ত্র খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।