নিজস্ব প্রতিবেদক, বরিশাল।
দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদ এবং জনগণের শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল মহানগর।
আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
এ কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে বরিশাল মহানগর যুবদলের অন্তর্ভুক্ত ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যুবদলের নেতাকর্মীদের নিজ নিজ ওয়ার্ড থেকে মিছিল নিয়ে দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর রাখাল বাবু পুকুরপাড়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় মহানগর যুবদলের ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে নির্ধারিত সময়ে মিছিলসহ উপস্থিত থেকে বিএনপির ঘোষিত প্রতিবাদ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।