নিজস্ব প্রতিবেদক | দৈনিক বরিশাল মুখপত্র
বরিশাল জেলা পুলিশের ডি-স্টোর ইনচার্জ এসআই জহিরকে ঘিরে দুর্নীতি ও দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থাকার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত সংবাদকে ‘অপপ্রচার’ হিসেবে চালিয়ে দিতে মিডিয়াপাড়ায় তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে দৈনিক বরিশাল মুখপত্র।
অভিযোগ রয়েছে, প্রায় ১৪ বছর ধরে বরিশাল পুলিশ লাইনে একই স্থানে দায়িত্ব পালন করছেন এসআই জহির। সাবেক মন্ত্রী নানকের তদবিরে বরিশালে পদায়ন হওয়ার পর দীর্ঘ সময় ধরে একই কর্মস্থলে বহাল থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি পটুয়াখালীতে বদলি করা হলেও পরবর্তীতে আবার বরিশাল পুলিশ লাইনে ফিরে আসেন তিনি।
দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালনের পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং সম্পদের উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে।
দৈনিক বরিশাল মুখপত্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য-প্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়। এসআই জহিরকে ঘিরে প্রকাশিত সংবাদকে অপপ্রচার হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
প্রমাণের অপেক্ষায় পাঠক, অনুসন্ধানে দৈনিক বরিশাল মুখপত্র
পত্রিকাটির পক্ষ থেকে পাঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তা মনোযোগ দিয়ে পড়তে এবং উপস্থাপিত তথ্য-প্রমাণ যাচাই করতে।
দৈনিক বরিশাল মুখপত্র জানিয়েছে, এসআই জহিরকে ঘিরে ওঠা অভিযোগ, তাঁর দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থাকার কারণ এবং সম্পদের উৎস নিয়ে বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে।
১৪ বছর একই কর্মস্থলে থাকার নেপথ্যে কী? বদলি হয়েও বারবার ফিরে আসার কারণ কী?
এসব প্রশ্নের উত্তর খুঁজতেই চলছে অনুসন্ধান। বিস্তারিত প্রতিবেদন আসছে শিগগিরই।