পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দুটি ডাবল ডেকার বাস। উপাচার্যের প্রতিশ্রুতির পাঁচ মাসের মধ্যেই নতুন বাস চালুর উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। নতুন বাস দুটি বিশ্ববিদ্যালয় থেকে বরিশাল রুটে চলাচল করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা সহযোগী অধ্যাপক আব্দুর রহিম এবং বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার (অপারেশন) মো. জুলফিকার আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করা হচ্ছিল। তবে সরকারি প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে দুটি ডাবল ডেকার বাসের অনুমোদন নেওয়া হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন বাস দুটি শিক্ষার্থীদের পরিবহন চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাসগুলো যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।