সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল প্রতিনিধিঃ
১৮ মে ২০২৬
মাদারীপুরের কালকিনিতে আসল পরিচয় লুকিয়ে ‘ডাক্তার’ সেজে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে সবুজ তালুকদার নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে নগদ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
গতকাল রোববার (১৭ মে) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার ভুরঘাটার ‘এম. আলাউদ্দিন ক্লিনিকে’ এই অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ উল আরেফীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সবুজ তালুকদার পেশায় মূলত একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে প্যাডে ও সাইনবোর্ডে ‘ডাক্তার’ পরিচয় ব্যবহার করে সাধারণ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ওই ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং একজন নিবন্ধিত (এমবিবিএস/বিডিএস) চিকিৎসকের কাজের পরিধি ও যোগ্যতা সম্পূর্ণ ভিন্ন। চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা একটি গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণা রোধে প্রশাসনের এই নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এই অভিযানের পর এলাকার সচেতন মহল স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, গ্রামাঞ্চলে এ ধরনের ভুয়া চিকিৎসকদের কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ ভুল চিকিৎসার শিকার হচ্ছে। এই ধরনের প্রতারণা রুখতে প্রশাসনের নিয়মিত তদারকির পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি।