সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) | ১৪ এপ্রিল ২০২৬
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (সুমন) কে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের ও অভিযোগ তদন্তাধীন থাকায় তার পক্ষে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করা সমীচীন নয় বলে সরকার মনে করছে।
এতে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িকভাবে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। দায়েরকৃত মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের একটি অংশ এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও অপর অংশ দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান তদন্ত ও মামলার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।