সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন কিরণ রাঢ়ী (৫৫)। তিনি কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার হোসেন রাঢ়ীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল সাহেবরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে কিরণ রাঢ়ীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত কিরণ রাঢ়ী একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অভিযানকালে ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।