সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী একটি পিকআপ ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন সংবাদপত্র পরিবহন ঠিকাদার মো. নাঈম। দুর্ঘটনার সময় তিনি পত্রিকাবাহী পিকআপে অবস্থান করছিলেন। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি পিকআপ এবং বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পত্রিকাবাহী পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
কালকিনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, খবর পাওয়ার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করাকে তারা এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।