সৈয়দ নুর আহসান (গৌরনদী) বরিশাল। ১২ এপ্রিল ২০২৬
বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দর মসজিদ মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কাপড় ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা ওরফে চুন্নু খলিফা (৫৮)।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন চুন্নু খলিফা জানান, পার্শ্ববর্তী ‘তনুশ্রী বস্ত্রালয়’-এর কর্মচারী উজ্জল মালী এক ক্রেতার কাছে থ্রি-পিস বিক্রির সময় দাবি করেন যে, গত ঈদে তারা একই মানের দুই হাজার পিস পণ্য বিক্রি করেছেন। চুন্নু খলিফা তখন পাশের দোকানে বসে চা পান করছিলেন। তিনি ওই তথ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, গত রোজায় এই মার্কেটের কোনো দোকানেই এত বিপুল সংখ্যক থ্রি-পিস বিক্রি হয়নি। এই মন্তব্যকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন উজ্জল। একপর্যায়ে ক্রেতা পণ্য না কিনেই চলে গেলে ক্ষিপ্ত হয়ে উজ্জল মালী চুন্নু খলিফার ওপর হামলা চালান।
অভিযোগ অনুযায়ী, প্রথমে কিল-ঘুষি এবং পরে চেয়ার দিয়ে আঘাত করলে চুন্নু খলিফার মাথা ফেটে যায়। স্থানীয় ব্যবসায়ীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হামলার অভিযোগ অস্বীকার করে উজ্জল মালী বলেন, চুন্নু খলিফাইন আগে তাকে চেয়ার দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন।
তিনি কেবল তা প্রতিহত করতে গিয়েছিলেন। ওই ধস্তাধস্তির সময় একই চেয়ারের আঘাতে চুন্নু খলিফা জখম হয়েছেন বলে তার দাবি। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।