সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহাজিরা গ্রামের স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মূল হোতা সিরাজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃত সিরাজুল ওই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে র্যাবের একটি বিশেষ টিম ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে র্যাব তাকে গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
সিরাজুল গৌরনদী থানার একটি আলোচিত চুরি মামলার (জিআর মামলা নং: ১৮/২৫) মূল অভিযুক্ত এবং একটি সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং নগদ ১২ লাখ টাকা চুরির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গৌরনদী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।