সৈয়দ নুর আহসান গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সুজন সরদার ও বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল হক নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় জান্নাতুল হুসনার স্বামী শহিদুল ইসলামের তিনতলা ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের একটি বসত ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে।
গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২৮ আগস্ট সকাল ৯টার মধ্যে কোনো একসময় চোরচক্রের সদস্যরা ওই ফ্ল্যাটের ব্যালকনি ও জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা স্বর্ণের গলার হার, টিকলি, আংটি, রুলি, লকেট, চেইন, কানের দুল, নাকফুল, ব্রেসলেট এবং রুপার নুপুরসহ বিভিন্ন অলঙ্কার চুরি করে নিয়ে যায়।
চুরির খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মো. সুজন সরদারকে শনাক্ত করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন সরদার চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বসতঘর থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার বিক্রির ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সুজন সরদারের দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সে অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি স্বর্ণের গলার হার, এক জোড়া কানের দুল, একটি টিকলি, একটি ব্রেসলেট এবং একটি গলিত স্বর্ণের টুকরাসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এ ঘটনায় জুয়েলার্সটির স্বত্বাধিকারী এনামুল হককে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গত ৩০ আগস্ট (রোববার) কালকিনি থানায় এফআইআর নম্বর-২৩ এবং জিআর নম্বর-১৫৪ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৪৫৪, ৩৮০ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতার দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।