সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর ও আশপাশের এলাকায় একই রাতে একাধিক চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয়রা। আটক দুজন আপন ভাই-বোন বলে জানা গেছে। তাদের কাছ থেকে চোরাই পাঁচটি মোবাইল ফোন, একটি ডলার ও নগদ টাকা উদ্ধারের দাবি করেছে স্থানীয়রা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আগরপুর এলাকায় তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করে।
আটক ব্যক্তিরা হলেন—মুলাদী উপজেলার গাছুয়া গ্রামের আবদুর রহমান সরদারের মেয়ে রুমা আক্তার (৩৫) এবং তার ছেলে জসিম সরদার (৪০)।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার দিবাগত রাতে আগরপুর গ্রামের টিটুর চায়ের দোকান এবং পাশের ব্রাহ্মণদিয়া গ্রামের হানিফ হাওলাদার, আরিফ আকন ও আসাদুল ইসলামসহ একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটুর চায়ের দোকানে চুরির ঘটনায় ধারণ করা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন দুজনকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা এলাকায় তল্লাশি চালিয়ে এক নারী ও এক পুরুষকে আটক করেন।
আগরপুর গ্রামের বাসিন্দা মো. মিলন জানান, আটক জসিম সরদারের কাছ থেকে টিটুর দোকান থেকে চুরি যাওয়া একটি ডলার ও নগদ টাকা এবং রুমা আক্তারের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আটকের পর স্থানীয়রা দুজনকে মারধর করে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করেন।
আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, আটক দুজনকে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।