নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল মহানগর ও জেলা (দক্ষিণ) যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বরিশাল মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ কর্মসূচিতে বরিশাল মহানগর যুবদলের অন্তর্ভুক্ত ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে মিছিলসহকারে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদলের নেতারা ঘোষিত কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।