অবৈধ বালু উত্তোলনে ৪ লাখ, মা ইলিশ সংরক্ষণে ৪৫ হাজার টাকা জরিমানা
দুই দফা অভিযানে জব্দ ২ বাল্কহেড ও বালুভর্তি ড্রেজার, পৃথক ঘটনায় জরিমানা ৯ জনকে
মোঃ নাইম হোসেন, বরিশাল ;
বরিশাল: নদী ও পরিবেশ রক্ষা এবং মা ইলিশ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে দপদপিয়া সেতুসংলগ্ন কীর্তনখোলা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত দুই দফা অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৪ লাখ টাকা এবং মা ইলিশ সংরক্ষণে আইন লঙ্ঘনের দায়ে আটজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি বাল্কহেড ও বালুভর্তি একটি ড্রেজার জব্দ করা হয়।
গভীর রাতে দুই দফা অভিযান
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে গভীর রাতে প্রথম দফায় অভিযান পরিচালনা করা হয়। তবে সে সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে রাত আনুমানিক ৩টার দিকে দ্বিতীয় দফায় অভিযান চালানো হলে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট শ্রমিকেরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বাল্কহেড ও বালুভর্তি একটি ড্রেজার জব্দ করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(২) ধারায় একজন বালু ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মা ইলিশ সংরক্ষণে আইন অমান্য করার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী আটজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ঘটনায় সর্বমোট ৪ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর বার্তা
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা বলেন, “নদী ও প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক পরিবেশ ও ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, মা ইলিশ সংরক্ষণে আইন অমান্য করা দেশের মৎস্যসম্পদ রক্ষার উদ্যোগকে বাধাগ্রস্ত করে। এসব অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃতি, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।”
নদীর পরিবেশ রক্ষা, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং মা ইলিশ সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।