গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে বাস, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২৯ জুন, ২০২৬) রাত ৯টা ২৮ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ পালরদী এলাকার তাঁত বোর্ডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে দক্ষিণ পালরদী এলাকায় ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন (স্থানীয়দের মতে সাকুরা পরিবহন), বরিশালগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-১৮-৭৭৬০) এবং একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৮ বছর বয়সী এক যুবক (পুরুষ) নিহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
এছাড়াও দুর্ঘটনায় মোটরসাইকেল ও পিকআপে থাকা ২ জন গুরুতর আহত হন। আহতরা হলেন— ভুরঘাটা এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক (২৫) এবং মোঃ বাবুল (২৫)।
গৌরনদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব মিজানুর রহমান জানান, “দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
দুর্ঘটনার পর ওই সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। অবহেলা ও বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।