নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
প্রয়াত দুই নেতার পরিবারের পাশে দাঁড়াতে বরিশালে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। আগামী ১ ও ২ অক্টোবর দুই দিনের সফরে বরিশালে এসে প্রয়াত যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং প্রয়াত নেতা জাকির হোসেন নান্নুর কবর জিয়ারত করবেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর বৃহস্পতিবার বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জি. এম. মনিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুবদল সভাপতি। গত ২২ সেপ্টেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন জি. এম. মনির। পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
এরপর ২ অক্টোবর শুক্রবার যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও বিভাগীয় টিম প্রধান মরহুম জাকির হোসেন নান্নুর গ্রামের বাড়িতে যাবেন আবদুল মোনায়েম মুন্না। সেখানে তিনি মরহুম নান্নুর কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
যুবদল সভাপতির এ দুই দিনের বরিশাল সফরে প্রয়াত দুই নেতার পরিবারকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্নার নির্দেশনায় প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।