বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযান চরম ব্যর্থতার মুখে পড়েছে। লোক দেখানো কিছু অভিযান হলেও উপজেলার ভেতর প্রকাশ্যে চলছে ডিমওয়ালা ইলিশ নিধনের মহোৎসব।
বিশেষ করে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের লালগঞ্জ, হাজির হাট ও চিকন খালের মাথায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বেপরোয়াভাবে ইলিশ শিকার করা হচ্ছে। খালের পাড়েই প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকায়।
ডিমওয়ালা ইলিশ কিনতে সেখানে প্রতিদিন বসছে ক্রেতাদের উপচে পড়া ভিড় যা দেখলে মনে হয় কোনো বৈধ বাজার।
স্থানীয়দের অভিযোগ,অলিখিত সমঝোতা ও ম্যানেজ প্রক্রিয়ার কারণেই মৎস্য অফিসের কোনো দল এখানে অভিযান চালায় না। কার্যালয়ে বসে কাগজে-কলমে দায়িত্ব শেষ করার ফলেই ভেস্তে যেতে বসেছে সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সরকারের মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে মেহেন্দিগঞ্জের লালগঞ্জ,হাজির হাট ও চিকন খালের মাথায় অবিলম্বে কার্যকর ও কঠোর নৌ-অভিযান পরিচালনার জোর দাবি জানাচ্ছি।