মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।
এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
এ সময় ইউএনও আসমা উল হুসনা বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে হবে। ইলিশের প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে দেশের মানুষ আরও বেশি ইলিশের সুফল ভোগ করতে পারবে।
তিনি জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান এবং এ সময়ে জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে জানান।
অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নাসমুস সালেহীন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার, ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি জেলে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।