বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, “কথা কম, কাজ বেশি, এটিই আমাদের মূল লক্ষ্য।” ডেঙ্গু প্রতিরোধে শুধু খাল পরিষ্কার করলেই হবে না, হাট-বাজার, রাস্তাঘাট ও বাড়ির চারপাশও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬ ইং) বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় রাজার বের খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, আমাদের নেতা তারেক রহমান খুব কম কথা বলেন, কিন্তু কাজ করেন বেশি। তিনি ভোর থেকে রাত পর্যন্ত নিরলসভাবে কাজ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কঠোর পরিশ্রম করতেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠে দূর-দূরান্তে ছুটে যেতাম এবং রাতে ফিরে এসে গভীর রাত পর্যন্ত অফিসের কাজ সম্পন্ন করতাম।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন। কিন্তু দেশের মানুষের কথা ও দেশের উন্নয়নের চিন্তা থেকে তিনি কখনো বিচ্ছিন্ন হননি। দীর্ঘ সময় ধরে তিনি দেশের উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা করেছেন।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, কয়েক বছর আগেই তারেক রহমান বাংলাদেশকে সবুজে ভরিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই লক্ষ্যেই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি নিজেও প্রতিবছর অন্তত ২৫ থেকে ৫০টি গাছ লাগান বলে জানান এবং সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন, আজকের এই কর্মসূচি এখানেই শেষ নয়, এটি মাত্র শুরু। সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের কার্যক্রম অব্যাহত থাকবে। পুরো দেশকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত এ ধরনের কার্যক্রম থামানো যাবে না। শুধু শপথ নিলেই হবে না, সেই শপথকে বাস্তবে কাজে রূপান্তর করতে হবে।
জয়নুল আবেদীন আরও বলেন, এই দেশটা আমাদেরকেই গড়ে তুলতে হবে। দেশে গার্ল গাইডস, স্কাউট ও বিএনসিসির বিপুলসংখ্যক সদস্য রয়েছে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, শুধু রাজার বের খাল পরিষ্কার করলেই দায়িত্ব শেষ হবে না। হাট-বাজার, রাস্তাঘাট এবং নিজ নিজ বাড়ির আশপাশও পরিষ্কার রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ যদি নিজেদের পরিচ্ছন্ন রাখতে পারে, তাহলে আমরা কেন আমাদের প্রিয় দেশকে পরিচ্ছন্ন রাখতে পারব না? আমরাও পারব।
ডেঙ্গু প্রতিরোধে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে তিনি বলেন, সারা দেশে একযোগে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও যুক্ত ছিলেন। তারই অংশ হিসেবে বাবুগঞ্জে এ কার্যক্রম শুরু হয়েছে।
নিজ এলাকার মানুষের পাশে থাকার প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, শুধু ঢাকায় বসে না থেকে নিজের এলাকার মানুষের মাঝে উপস্থিত হওয়া প্রয়োজন। যেখানকার মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, সেই এলাকার মানুষের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে হবে। সবাই নিজ নিজ এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুস্থ দেশ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।