গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও জননেতা জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
সভায় বক্তারা বিএনপির রাজনৈতিক ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপিকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, জনগণের কথা শোনা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির অন্যতম লক্ষ্য জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখা। এ জন্য দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বক্তা মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। দলকে আরও সুসংগঠিত করতে ইউনিয়ন ও ওয়ার্ডসহ প্রতিটি পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্ব) রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু।