চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যা ও হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ৪৫৩ পৃষ্ঠার রায়ের অংশবিশেষ পাঠ করে এ রায় ঘোষণা করেন। মামলায় পাঁচটি অভিযোগে রাষ্ট্রপক্ষ ৮৪ জনকে সাক্ষী করেন; দালিলিক প্রমাণ জমা পড়ে ৮ হাজারের বেশি পৃষ্ঠা।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার অতিরিক্ত সদস্য মোতায়েন থাকে। পলাতক থাকায় শেখ হাসিনা ও কামাল আদালতে অনুপস্থিত থাকলেও গ্রেপ্তার থাকা সাবেক আইজিপি মামুনকে সকালে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।