পরিচয় গোপন করে পশ্চিম চরাদিতে অবস্থানের অভিযোগ | চেয়ারম্যান ফরিদের সঙ্গে ছবি ঘিরে নানা প্রশ্ন, অভিযোগ অস্বীকার করে ব্যাখ্যা দিলেন তিনি
নিজস্ব প্রতিবেদক | বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের পশ্চিম চরাদি বড় শিকদার বাড়িতে গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতার আত্মগোপনে থাকার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ইউসুফ সিকদার। তিনি গাজীপুরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে পরিচিত বলে অভিযোগকারীদের দাবি।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ইউসুফ সিকদারের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, মৌচাক, কোনাবাড়ি, লোহা মাজারের বিপরীতে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক পরিচয় আড়াল করে তিনি বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের পশ্চিম চরাদি বড় শিকদার বাড়িতে অবস্থান করছেন।
সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, স্থানীয় বিএনপি নেতা ও চরাদি ইউনিয়নের চেয়ারম্যান ফরিদের ছত্রছায়ায় তিনি সেখানে অবস্থান করছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগকারীদের দাবি, ইউসুফ সিকদারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা চেয়ারম্যান ফরিদের ঘনিষ্ঠতার বিষয়টি সামনে এসেছে। তার সঙ্গে চেয়ারম্যান ফরিদের ছবি নিয়েও আলোচনা চলছে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন ব্যক্তি কীভাবে স্থানীয় রাজনৈতিক নেতাদের পরিচিতি ও আশপাশে অবস্থান করছেন?
তবে এ বিষয়ে চেয়ারম্যান ফরিদ নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরাদি ইউনিয়নের বিএনপি নেতা ও চেয়ারম্যান ফরিদ জানান, ইউসুফ সিকদার ঢাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে চরাদি ইউনিয়নের কোনো রাজনৈতিক কমিটিতে তিনি নেই এবং স্থানীয় কোনো রাজনৈতিক সমাবেশেও অংশ নেননি।
চেয়ারম্যান ফরিদের ভাষ্য, কয়েক দিন আগে বাজারে বসে থাকার সময় ইউসুফ সিকদার তার পাশে এসে দাঁড়ান। এ কারণেই ছবিতে তাকে পাশাপাশি দেখা গেছে। তার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি এ ব্যাখ্যা দেন।
স্থানীয় সচেতন মহলের দাবি, ইউসুফ সিকদারের রাজনৈতিক পরিচয়, বর্তমান অবস্থান এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত অভিযোগ রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
তাদের বক্তব্য, রাজনৈতিক পরিচয় যাই হোক, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধের অভিযোগ থাকলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী কারও আশ্রয়-প্রশ্রয় যেন আইন প্রয়োগের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন অভিযোগগুলো খতিয়ে দেখে কী পদক্ষেপ নেয়।
