৩১ ডিসেম্বর পর্যন্ত বিভাগের জেলা ও মহানগর কমিটির কার্যক্রম তদারকি করবেন কেন্দ্রীয় যুবদলের দুই সহসভাপতি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল বিভাগের যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সহসভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও নাসির উদ্দিন রুমন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বরিশাল বিভাগের আওতাধীন জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ ও তদারকির দায়িত্ব পালন করবেন।
দেশব্যাপী যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গতি সঞ্চার, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিতকরণ এবং জেলা ও মহানগর পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে দেশের ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২২ নেতাকে দায়িত্ব দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক করা হয়েছে সহসভাপতি রেজাউল কবীর পলকে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।
চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া ও আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।
সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।
এ ছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ২১ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ বিভাগের জেলা ও মহানগর পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ করবেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে যুবদলকে শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
বরিশাল বিভাগে অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও নাসির উদ্দিন রুমনের ওপর এ দায়িত্ব অর্পণকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁদের তদারকিতে বিভাগের জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও সুসংহত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।