নিজস্ব প্রতিবেদক | বরিশাল
বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারকে মারধর এবং তাঁর মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগে ওই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা। এ সময় ঠিকাদারের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫), তাঁর ছেলে মো. মুবিন মোল্লা (২২) এবং সহযোগী মো. সাকিব হাওলাদার (৩৫)।
পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই নির্মাণকাজের সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন মো. রুস্তম হাওলাদার। গত শনিবার (৭ নভেম্বর) রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ নির্বিঘ্নে চালিয়ে যেতে হলে ৩ লাখ টাকা দিতে হবে বলে দাবি করা হয়।
ঠিকাদার রুস্তম হাওলাদার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। এ সময় তাঁর ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার একপর্যায়ে ঠিকাদার রুস্তম হাওলাদারের প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল নিয়ে যান অভিযুক্তরা।
ভুক্তভোগী ঠিকাদার রুস্তম হাওলাদার অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। দাবিকৃত টাকা দিতে না পারায় তাঁকে মারধর করে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রোববার মাহবুব মোল্লাসহ চারজনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।
তবে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত মাহবুব মোল্লার দাবি, ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে তাঁর ২ লাখ টাকা পাওনা রয়েছে। সড়কটির নির্মাণকাজে তিনিও অংশীদার ছিলেন। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন বলেও তিনি জানিয়েছিলেন।
বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোটরসাইকেলটিও। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সড়ক নির্মাণের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কাজে চাঁদা দাবি ও ঠিকাদারকে মারধরের অভিযোগ নতুন করে প্রশ্ন তুলেছে—উন্নয়নকাজের নামে প্রভাব বিস্তার ও অনৈতিক অর্থ দাবির বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কতটা কঠোর হবে।