নদীবেষ্টিত ঐতিহ্যবাহী বরিশাল নগরী। দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই শহরে প্রতিনিয়ত বাড়ছে জনসংখ্যা, বিস্তৃত হচ্ছে নগরায়ন, বাড়ছে ব্যবসা-বাণিজ্য ও মানুষের কর্মচাঞ্চল্য। কিন্তু নগরীর জনসংখ্যা ও অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল ও অবকাঠামোগত সক্ষমতা। ফলে প্রায় সাত লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে (বিএমপি) প্রতিনিয়ত নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
প্রশ্ন হচ্ছে, একটি আধুনিক নগরীর সাত লাখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মাত্র চারটি থানা কতটা যথেষ্ট?
২০০৬ সালে কোতোয়ালি মডেল থানার মাধ্যমে যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দেওয়া হচ্ছে। কিন্তু প্রায় দুই দশকে নগরীর আয়তন, জনসংখ্যা, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান ও অপরাধের ধরনে ব্যাপক পরিবর্তন এসেছে। সেই তুলনায় পুলিশের জনবল, যানবাহন, টহল ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো কতটা সম্প্রসারিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, বরিশাল মেট্রোপলিটন এলাকায় প্রতি ৩৭৪ জন নাগরিকের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন একজন পুলিশ সদস্য। অন্যদিকে, চার থানায় বছরে প্রায় ১ হাজার ১০০টি মামলা নথিভুক্ত হয়। এই পরিসংখ্যানই নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পুলিশের ওপর থাকা দায়িত্বের ব্যাপকতা তুলে ধরে।
এদিকে নগরীর ৩০টি ওয়ার্ডে আগের বছরগুলোর তুলনায় নিয়মিত পুলিশি টহল কমে যাওয়ার অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন সড়ক, অলিগলি ও ব্যবসাপ্রতিষ্ঠান এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি কম থাকায় চুরির ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির অভিযোগও সামনে আসছে। রাতের আঁধারে অপরাধীরা সুযোগ নিচ্ছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা প্রয়োজন।
একটি দোকান চুরি হওয়া মানে শুধু একজন ব্যবসায়ীর আর্থিক ক্ষতি নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের জীবিকা, শ্রম ও দীর্ঘদিনের সঞ্চয়। তাই চুরির ঘটনা ঘটার পর শুধু মামলা গ্রহণ বা তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে কার্যকর টহল, গোয়েন্দা নজরদারি এবং দ্রুত পুলিশি সাড়া নিশ্চিত করতে হবে।
এমন পরিস্থিতিতে বরিশাল মহানগরীতে আরও চারটি নতুন থানা ও তিনটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিএমপি কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ জানিয়েছেন, নগরীতে পুলিশি সেবার পরিধি বাড়াতে প্রশাসনের পক্ষ থেকে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামও পুলিশিং কার্যক্রম গতিশীল করতে থানা ও ফাঁড়ির পাশাপাশি যানবাহনসহ অন্যান্য সহায়ক সুবিধা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন। একই সঙ্গে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিশেষায়িত দল গঠনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
একজন সচেতন নাগরিক জানান, জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে। তাই শুধু পুলিশের সংখ্যা বাড়ালেই হবে না, দক্ষতা ও পেশাগত সক্ষমতাও বাড়াতে হবে।
বাস্তবতা হচ্ছে, বর্তমান সময়ে অপরাধের ধরন আর আগের মতো সীমাবদ্ধ নেই। প্রচলিত চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি যুক্ত হয়েছে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, ডিজিটাল মাধ্যমে হয়রানি এবং প্রযুক্তিনির্ভর অপরাধ। এসব অপরাধ মোকাবিলায় প্রয়োজন প্রশিক্ষিত জনবল, আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত যানবাহন এবং তথ্যনির্ভর পুলিশিং ব্যবস্থা।
তবে নতুন থানা ও ফাঁড়ি স্থাপনের ঘোষণা দিলেই নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত হবে না। প্রয়োজন পরিকল্পিত বাস্তবায়ন। প্রতিটি ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে নিয়মিত টহল নিশ্চিত করতে হবে। ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সড়কে রাতের নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি জরুরি পুলিশি সেবা, সিসিটিভি নজরদারি এবং অপরাধীদের শনাক্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
এখানে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুলিশের জবাবদিহি ও নাগরিকবান্ধব আচরণ। সাধারণ মানুষ যেন নির্ভয়ে থানায় গিয়ে অভিযোগ জানাতে পারেন, দ্রুত সেবা পান এবং অপরাধের শিকার হলে ন্যায়বিচারের প্রত্যাশা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
বরিশাল নগরবাসীর প্রত্যাশা খুবই স্বাভাবিক। তারা রাতে নিরাপদে ঘরে ফিরতে চান, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে নিশ্চিন্তে থাকতে চান, সন্তানদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে চান। রাষ্ট্রের কাছে নাগরিকের নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়; এটি মৌলিক দায়িত্ব।
সুতরাং বরিশাল মেট্রোপলিটন পুলিশের জনবল সংকট নিরসন, নতুন চারটি থানা ও তিনটি ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, পর্যাপ্ত যানবাহন সরবরাহ এবং ৩০টি ওয়ার্ডে নিয়মিত পুলিশি টহল নিশ্চিত করা এখন সময়ের দাবি।
মনে রাখতে হবে, অপরাধ সংঘটিত হওয়ার পর অপরাধীকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্বের একটি অংশ; কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধ করে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান সাফল্য।
বরিশালবাসী পুলিশকে শুধু অপরাধের পর দেখতে চান না, অপরাধ সংঘটিত হওয়ার আগেই নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে পাশে পেতে চান।