নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নালিশি মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন বিএনপি কর্মী আহমেদ কবির এবং বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার। আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
গত ৩ নভেম্বর বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক মাকছুদা আক্তার। তিনি একসময় আফরোজা খানম নাসরিনের রাজনৈতিক কর্মী ছিলেন বলে জানা গেছে।
মামলার নালিশিতে বাদী অভিযোগ করেন, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১ নম্বর আসামি আশিক হাওলাদার তাঁকে চরিত্রহীন আখ্যা দিয়ে দুই ব্যক্তির সঙ্গে তাঁর ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি ও প্রচার করেন। একই সঙ্গে আসামি আশিক হাওলাদার, আফরোজা খানম নাসরিন ও আহমেদ কবির তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে ওই লিফলেট ও সংশ্লিষ্ট বক্তব্য প্রচার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, এসব কর্মকাণ্ডের ফলে তিনি সামাজিক ও মানসিকভাবে হেনস্তা এবং হয়রানির শিকার হয়েছেন। তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব প্রচার করা হয়েছে বলে নালিশিতে অভিযোগ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বাদীর অভিযোগ আমলে নিয়ে সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান পুরো ঘটনাটি তদন্তের জন্য পিবিআইয়ের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বরিশালের রাজনৈতিক অঙ্গনে আফরোজা খানম নাসরিনকে ঘিরে বিভিন্ন বিতর্ক ও অভিযোগ নিয়ে আলোচনা থাকলেও এবারই প্রথম তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে তাঁর রাজনৈতিক সাবেক কর্মী মাকছুদা আক্তার।
তবে মামলার অভিযোগগুলো এখনো তদন্তাধীন। আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন দাখিলের পর অভিযোগের সত্যতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।