বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল আকনকে পুলিশ আটক করে পরে ছেড়ে দেওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর দুলাল আকনকে এয়ারপোর্ট থানা পুলিশ আটক করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুলাল আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে তার সম্পৃক্ততা এখনও অব্যাহত রয়েছে। তাদের দাবি, মামলা থাকার পরও তাকে আটক করে ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি দুলাল আকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার এএসআই বাসার জানান, দুলাল আকনের বয়স ৬০ বছরের বেশি হওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।