সৈয়দ নুর আহসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আপন দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এহতেশামুল হকের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মো. হানিফ মোল্লা ও এসআই মো. রফিকুল ইসলামসহ ডিবি পুলিশের একটি দল এবং সঙ্গীয় ফোর্স গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে এর আগেও মামলা রয়েছে।
এ ঘটনায় আটক দুই ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।