নগরীর ১০ নং ওয়ার্ডের কেডিসি কলোনিতে আধুনিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ড্রেনসহ ৭৩৫ ফুট রাস্তা নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
উদ্বোধনকালে তিনি বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে এই ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিকল্পিত নগর গড়ে তুলতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন রাস্তা ও ড্রেন নির্মাণের ফলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে যাবে।
এ সময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।