আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক একযোগে বরিশাল অঞ্চলের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১১ আগস্ট বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরীনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছিল। আজ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে বহাল করা হয়েছে।
এর পাশাপাশি গত ৮ এপ্রিল সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশাল অঞ্চলের যেসব নেতাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছিল, তাদের আবেদন ও পর্যালোচনার পর দলীয় সিদ্ধান্তে আজ তাদেরও স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন:
দেওয়ান মো. মনির হোসেন, সদস্য সচিব, হিজলা উপজেলা বিএনপি
মাহফুজ আলম মিঠু, সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল
নুর হোসেন সুজন, সহসভাপতি, ছাত্রদল
ইমরান খন্দকার, সদস্য, ছাত্রদল
মশিউর রহমান মঞ্জু, আহ্বায়ক, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল
মাসুদ রাড়ি, ভারপ্রাপ্ত সভাপতি, বরিশাল মহানগর যুবদল
কামরুল হাসান, সদস্য সচিব, বরিশাল স্বেচ্ছাসেবক দল
বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, বরিশাল দক্ষিণ জেলা যুবদল
মো. জাহিদ, সদস্য সচিব, ৩০নং ওয়ার্ড যুবদল, বরিশাল মহানগর
বিএনপি সূত্র জানিয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত বরিশাল অঞ্চলের এসব নেতাদের জন্য পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরার সুযোগ তৈরি করেছে। দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এর আগে বিভিন্ন সময়ে আবেদনের ভিত্তিতে আরও কয়েকজন নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছিল।
এই সিদ্ধান্তকে বরিশাল বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক শক্তি পুনর্গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।