সৈয়দ নুর আহসান (গৌরনদী), বরিশাল | ০৬ এপ্রিল ২০২৬
মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার সময় উপজেলার উত্তর চর আইর কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা খাদেম হাওলাদারের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও বাতাসের তীব্রতায় মুহূর্তেই বসতঘর ও রান্নাঘর ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা ৫-৬টি ছাগল এবং বেশ কিছু হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ওই পরিবারের প্রায় ৩ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনের ভয়াবহতায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে ওই এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।