নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী বিএমএফ পরিবহনের একটি বাসের হেলপারের বিরুদ্ধে এক যাত্রীকে ফেলে রেখে তার টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবহনটির সেবা ও যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, বিএমএফ পরিবহনের গাড়ি নম্বর ১১-০২২৬-এর হেলপার এক যাত্রীকে ফেলে রেখে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে যান। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী অভিযোগ করেছেন বলে জানা গেছে।
তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন বরিশাল নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, “এই ঘটনার কোনো সত্যতা নেই। ওই ব্যক্তি মিথ্যা কথা বলছে।”
পরিবহন সংশ্লিষ্টদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই না করে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। অন্যদিকে, যাত্রীর অভিযোগেরও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি উঠেছে।
এ ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, যাত্রীর টাকা ও মোবাইল ফোনের বিষয়ে কোনো অনিয়ম হয়েছিল কি না এবং অভিযোগের পেছনে বাস্তবতা কতটুকু, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।