স্টাফ রিপোর্টার:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর মোসাম্মাৎ কলি (১৮) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও প্রয়োজনের সময় আইসিইউতে স্থান না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।
নিহত কলি বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাব্বির বয়াতির স্ত্রী। তার বাবার বাড়ি পিরোজপুরে।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে প্রসবজনিত কারণে কলিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্তান জন্ম দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্ত্রীর মৃত্যুর পর ক্ষুব্ধ হয়ে হাসপাতালের একটি গ্লাসে মাথা দিয়ে আঘাত করে সেটি ভেঙে ফেলেন স্বামী মো. সাব্বির বয়াতি। এ সময় হাসপাতালের আনসার সদস্যরা তাকে আটক করে রাখেন। পরে হাসপাতালের সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত করার ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ৩ হাজার টাকা দিতে বলা হয়েছে, এমন অভিযোগ ওঠে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুবরণকারী রোগীর স্বামীর কাছ থেকে কোনো জরিমানা আদায় করা হয়নি। সরকারি মালামাল ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সামগ্রী মেরামত করে দেওয়ার কথা বলা হয়েছে।
মৃতের স্বামী মো. সাব্বির বয়াতির অভিযোগ, তার স্ত্রীর চিকিৎসায় অবহেলা করা হয়েছে। বিশেষ করে গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে রাখার প্রয়োজন থাকলেও আইসিইউতে স্থান দেওয়া হয়নি। চিকিৎসকদের অবহেলার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মোনামেম সাদ বলেন, “আমাদের হাসপাতালে আইসিইউর সংকট রয়েছে। বর্তমানে মাত্র পাঁচটি বেড রয়েছে। এ কারণে পর্যাপ্ত রোগীকে আইসিইউ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি উদ্যোগে হাসপাতালে আইসিইউ বেড বাড়ানোর ব্যবস্থা করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মৃত রোগীর স্বামীর কাছ থেকে কোনো জরিমানা আদায় করা হয়নি। তবে সরকারি মালামাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত জিনিসটি মেরামত করে দেওয়ার কথা বলা হয়েছে। পরে তারা চলে গেছেন।”
প্রসূতির মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি না, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার কোন লিখিত অভিযোগ দেয়নি শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তরে বলে জানান তিনি।